‘তোর ব্যবসা–বাণিজ্য ভালো চলছে, ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে’

· Prothom Alo

‘তোর জায়গা–জমির ব্যবসা–বাণিজ্য ভালো চলছে। চট্টগ্রাম শহরে ব্যবসা করতে হলে আমাদের ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে।’ এভাবে চাঁদার জন্য চট্টগ্রাম নগরে এক ব্যক্তিকে হুমকি দেওয়া হয়। হুমকির পর এলোপাতাড়ি মারধরও করা হয়েছে তাঁকে। এ ঘটনায় মামলার প্রধান আসামি আহমেদ কবিরকে আজ শনিবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। আহমেদ কবির নিজেকে সাংবাদিক পরিচয় দেন বলে জানায় পুলিশ।

Visit amunra.qpon for more information.

নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, চাঁদাবাজির মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মারধরের এ ঘটনা ঘটে গত বুধবার রাতে চট্টগ্রাম নগরের খুলশী থানার গরীবউল্ল্যাহ হাউজিং সোসাইটির ডেবারপাড় এলাকায়। মারধরের শিকার ব্যক্তি হলেন মোহাম্মদ সিরাজ। তিনি জায়গা–জমি বিক্রিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন।

মারধরের শিকার মোহাম্মদ সিরাজ জানান, চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জায়গা–জমি বিক্রির মধ্যস্থতা করে থাকেন। এতে কমিশন হিসেবে টাকা পান। প্রায় তিন–চার মাস আগে আহমেদ কবিরের সঙ্গে তাঁর পরিচয়। ওই সময় থেকে আহমেদ কবির তাঁর কাছ থেকে টাকা দাবি করে আসছিলেন। তবে সম্প্রতি তাঁর কাছে ৫০ লাখ টাকা দাবি করেন।

মোহাম্মদ সিরাজ জানান, বুধবার রাতে বাজারে যাওয়ার জন্য বাসা থেকে নিচে নামেন। ওই সময় আহমেদ কবিরের নেতৃত্বে চার থেকে পাঁচজন লোক বাসার নিচে তাঁকে আটকে চাঁদা দাবি করতে থাকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এলোপাতাড়ি কিল–ঘুষি মারতে থাকে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা হুমকি দিয়ে সরে পড়ে।

পরে আশপাশের লোকজনের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন বলে জানান মোহাম্মদ সিরাজ। এরপর গতকাল শুক্রবার খুলশী থানায় মামলা করেন।

নগরের খুলশী থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদ কামাল প্রথম আলোকে বলেন, মোহাম্মদ সিরাজ নামের এক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করেছিলেন আহমেদ কবির। এ জন্য লোকজন নিয়ে সিরাজের বাসার নিচে গিয়ে সেখানে তাঁর ওপর অতর্কিত হামলা করেন এবং একপর্যায়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আহমেদ কবির নিজেকে সাংবাদিক পরিচয় দেন। চাঁদাবাজির অভিযোগে মামলার ঘটনায় আহমেদ কবিরকে লালখান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Read at source