২০ কোটি না দিলে ভয়াবহ পরিণতি! রণবীরের নিরাপত্তা জোরদার
· Prothom Alo

বলিউড অভিনেতা রণবীর সিংকে হুমকি দেওয়ার ঘটনায় তদন্তে বড় অগ্রগতি হয়েছে। লরেন্স বিষ্ণোই চক্রের সদস্য হিসেবে পরিচিত হরিচন্দ্র ওরফে হ্যারি বক্সারের বিরুদ্ধে ‘সীমান্ত সতর্কতা’ নোটিশ জারি করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। দেশত্যাগ রোধ ও আন্তর্জাতিক সীমান্তে নজরদারি জোরদার করতে এই নোটিশ জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Visit goldparty.lat for more information.
মুম্বাই পুলিশের সাউথ রিজিয়ন সাইবার সেল সূত্রে জানা গেছে, ১০ ফেব্রুয়ারি রণবীর সিংয়ের ব্যবস্থাপক বিজয় সুব্রহ্মণ্যম একটি আন্তর্জাতিক নম্বর থেকে একাধিক হুমকির ফোন পান। ফোন না ধরায় ওই নম্বর থেকেই তিনটি ভয়েস নোট পাঠানো হয়। সেখানে নিজেকে হ্যারি বক্সার পরিচয় দিয়ে ২০ কোটি রুপি চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে ‘ভয়াবহ পরিণতি’র হুমকি দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ভয়েস নোটটি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি নম্বর থেকে পাঠানো হয়েছিল। নম্বরটি +৩৪০ কোড দিয়ে শুরু হওয়ায় তা ভার্জিন আইল্যান্ডস অঞ্চলের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি যাচাই করতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
তদন্তের অংশ হিসেবে মুম্বাই পুলিশ ভয়েস নোটটি পাঞ্জাব ও হরিয়ানা পুলিশের কাছে পাঠায়। প্রাথমিক যাচাইয়ে কণ্ঠস্বর হ্যারি বক্সারের সঙ্গে মিল রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এরপরই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ১৭ ফেব্রুয়ারি সাউথ রিজিয়ন সাইবার সেল আনুষ্ঠানিকভাবে মামলা নথিভুক্ত করে এবং লুকআউট নোটিশ জারি করে।
রণবীর সিংপুলিশের একটি সূত্র জানায়, ‘হ্যারি বক্সার বর্তমানে কানাডায় আত্মগোপনে থাকতে পারে—এমন তথ্য আমরা পেয়েছি। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ মুম্বাই পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেল ও সাইবার সেল যৌথভাবে তদন্ত চালাচ্ছে।
এর আগে চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির বাসভবনে গুলির ঘটনার পর বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই ২ ফেব্রুয়ারি রণবীর সিংকে হুমকি পাঠানো হয় বলে তদন্তে উঠে এসেছে। ফলে গোটা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ প্রশাসন।
হুমকির পর রণবীর সিংয়ের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শুটিং সেট, বাসভবন ও যাতায়াতের সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁকে চলাফেরায় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
বলিউডে আন্ডারওয়ার্ল্ড চক্রের পুনরুত্থান নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। তদন্তকারীরা বলছেন, ‘তারকাদের লক্ষ্য করে চাঁদাবাজির চেষ্টা নতুন নয়, তবে সাম্প্রতিক ঘটনাগুলো উদ্বেগজনক।’
এদিকে ঈদ উপলক্ষে মুক্তির অপেক্ষায় রয়েছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’। বড় বাজেটের এই ছবিকে ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। তবে হুমকির ঘটনায় নিরাপত্তা ও প্রচারণা কার্যক্রমে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
তদন্ত এখনো চলমান। আন্তর্জাতিক যোগাযোগ ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার আশাবাদ ব্যক্ত করেছে মুম্বাই পুলিশ।