গরুর পচা মাংস বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
· Prothom Alo

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গরুর পচা মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাঁকে কারাগারে পাঠানো হয়নি।
আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ফুলবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে মাংস বিক্রেতা ইকরামুল হককে হাতেনাতে আটক করা হয়। তিনি উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের বাসিন্দা।
Visit solvita.blog for more information.
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ দণ্ডাদেশ দেন। অভিযানে উপজেলা ভেটেরিনারি সার্জন গোলাম মওদুদ আহমেদ ও ফুলবাড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিক্রির জন্য রাখা মাংস থেকে দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তাঁরা ওই ব্যবসায়ীকে আটক করে প্রশাসনকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে প্রশাসনের সংশ্লিষ্ট লোকজন মাংস পচা থাকার সত্যতা পান। পরে এসব মাংস জব্দ করে জনসমক্ষে ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রমজান মাসকে সামনে রেখে বাজার তদারকি জোরদার করা হয়েছে এবং ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।