প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে স্কুলছাত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৪

· Prothom Alo

রাজধানীর রমনা এলাকা থেকে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তানভীর আহমেদ ওরফে ফাহিম (২৪), ইফফাত ইয়ামিন ওরফে লিখন (২৩), হাসান আল বান্না ওরফে হাসান (২০) ও মুস্তাকিমুর রহমান ওরফে কুঞ্জ (২১)।

Visit livefromquarantine.club for more information.

রমনা মডেল থানার বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রমনা মডেল থানার শান্তিনগর মোড়ের আল মদিনা প্যালেসের বাটা শোরুমের সামনে ওই ছাত্র যায়। এ সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন কৌশলে তাকে চামিলীবাগে একটি নির্মাণাধীন ১০তলা ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে গ্রেপ্তার ব্যক্তিরা ছাত্রের ব্যবহৃত মুঠোফোনের মাধ্যমে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা চান।

ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরে ওই ব্যক্তিরা ছাত্রের বাবাকেও মোবাইল ব্যাংকিং নম্বরে টাকা চেয়ে ফোন করেন এবং মুক্তিপণের টাকা না দিলে ছাত্রের প্রাণনাশের হুমকি দেন। ছাত্রের বাবা কোনো উপায় না দেখে সচিবালয়ে চাকরি করার সুবাদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উদ্ধারের জন্য নির্দেশনা দেন।

ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে রমনা মডেল থানার পুলিশ দ্রুত ওই ছাত্রকে উদ্ধারের লক্ষ্যে কাজ শুরু করে। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে ওই ছাত্রকে উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয় বলে জানায় ডিএমপি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা ইতিপূর্বে আরও ছয়টি অপহরণের ঘটনা ঘটিয়েছেন। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁরা পরস্পর যোগসাজশে ডিজিটাল মাধ্যমে প্রতারণা করে ব্লাকমেলিং, অপহরণ করে মুক্তিপণ দাবি ও আদায় করতেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Read at source