সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
· Prothom Alo

সংবিধান সংস্কার পরিষদকে এখন পর্যন্ত অসাংবিধানিক বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জাতীয় সংসদে সেই হিসেবে কেউ অংশগ্রহণ করতে পারেন না। গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে জাতীয় সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে করতে হবে। সে ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
Visit asg-reflektory.pl for more information.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। তবে তাঁরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত প্রার্থীরা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে ১২ মার্চ। সেখানে সংসদ সদস্য হিসেবে আমরা যাঁরা শপথ গ্রহণ করেছি, তাঁরা সংসদ সদস্য হিসেবে যোগদান করব। এর বাইরে সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু না থাকায় যাঁরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন, সেটি তাদের নিজস্ব ব্যাপার; কিন্তু জাতীয় সংসদে সেই হিসেবে তাঁরা অংশগ্রহণ করতে পারেন না। শুধু সংসদ সদস্যরাই অংশগ্রহণ করতে পারেন।’
সালাহউদ্দিন আহমদ বলেন, এখন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যেসব আলাপ-আলোচনা মাঠে–ময়দানে, বিভিন্ন জায়গায় সেমিনারে হচ্ছে বা বক্তৃতা-বিবৃতিতে আছে—এটা একটা রাজনৈতিক অধিকার হিসেবে তাঁরা বলতে পারেন, কথা বলার অধিকার আছে, তাঁরা দাবি তুলতে পারেন।
‘অসাংবিধানিক কোনো কিছু আমরা জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয়, সেটা জাতীয় সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে। সে ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে। সংবিধানে সংশোধনী আনলে সেটা সংবিধানে ধারণ করার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া হবে কি না, কারা সেই শপথ গ্রহণ করাবেন, কে করাবেন, কোন ফর্মে করাবেন, সেগুলো সব ধারণ করতে হবে। সুতরাং এগুলো দীর্ঘ প্রক্রিয়া ও আলাপ-আলোচনার বিষয়।’
জামায়াতকে ডেপুটি স্পিকার পদে নাম ঠিক করতে বলেছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিমধ্যে তিনি জানতে পেরেছেন, আজ হাইকোর্টে একটি রিট পিটিশন হয়েছে যে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ নামে যে আদেশটি হয়েছিল, সেটা সংবিধানের লঙ্ঘন হয়েছে অথবা এটি সংবিধানের সাংঘর্ষিক...কোনো বৈধতা নেই দাবি করে একটি রিট হয়েছে। সেটির শুনানিও হয়েছে বলে মনে হয়, আজকের হওয়ার কথা। দেখা যাক বিচার বিভাগ থেকে কী মতামত আসে। সেটিও জাতীয় সংসদে আলোচনার জন্য নেওয়া যাবে। সব বিষয় নিয়ে আইনানুগভাবে, সাংবিধানিকভাবে জাতীয় সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে সবকিছু বিবেচনা করা হবে, এটাই গণতান্ত্রিক চর্চা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদটি প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং ঐকমত্যের ভিত্তিতে সমঝোতায় এসেছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সেটির বাস্তবায়ন এখন থেকেই শুরু করতে চাই। সে জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করে এবং সেটি জাতীয় সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সঙ্গে নির্বাচিত হতে পারেন।’
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়ম অনুসারে অধ্যাদেশগুলো সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপনের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, সেটি উপস্থাপিত হবে। তারপর কোনগুলো গৃহীত হবে, কোনগুলো হবে না, সেটি সংসদে আলোচনার বিষয়।