‘ভারত পাকিস্তানের সঙ্গে লড়াই করতে পারে না বলেই সিনেমা বানায়’

· Prothom Alo

মুক্তির পর থেকেই বক্স অফিসে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে ‘ধুরন্ধর ২’। মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে হাজার কোটি রুপি পেরিয়েছে ছবিটি। সম্প্রতি ছবিটি নিয়ে ব্যাপক ট্রলের মুখে পড়েছেন পাকিস্তানের রাজনীতিবিদ নাবিল গাবোল। অনেকেই মনে করছেন, ছবিতে রাকেশ বেদি অভিনীত ‘জামিল জামালি’ চরিত্রটি অনেকটাই তাঁর সঙ্গে মিলে যায়, বিশেষ করে গল্পের সময়কালে তিনি করাচির লিয়ারি এলাকার এমএনএ (ন্যাশনাল অ্যাসেম্বলি সদস্য) ছিলেন। ট্রলের প্রতিক্রিয়াই এবার ভারতকে এক হাত নিলেন পাকিস্তানের এই রাজনীতিবিদ।

Visit moryak.biz for more information.

ছবিতে রাকেশ বেদি অভিনীত ‘জামিল জামালি’ চরিত্রটি অনেকটাই নাবিল গাবোল এর সঙ্গে মিলে যায়

সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে আলাপে গাবোল বলেন, চরিত্রটিকে যেভাবে দেখানো হয়েছে, তা নিয়ে তিনি অসন্তুষ্ট। চরিত্রটির উপস্থাপন নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘তারা (ভারত) পাকিস্তান বা পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে লড়াই করতে পারে না, তাই একটি সিনেমা বানিয়েছে। এর মাধ্যমে তারা লিয়ারিকে আন্তর্জাতিকভাবে পরিচিত করেছে। লিয়ারির মানুষ এসব নিয়ে মাথা ঘামায় না, তারা অনেক শক্ত। আমার চরিত্রে একজন কমেডিয়ান, রাকেশ বেদিকে নেওয়া হয়েছে এবং তাকে নাবিল গাবোল হিসেবে দেখানো হয়েছে।’

নাবিল আরও বলেন, ‘রাকেশ বেদি বলেছেন, তিনি শুধু আমাকে নয়, সব পাকিস্তানি রাজনীতিবিদদের মিলিয়ে চরিত্রটি করেছেন। কিন্তু ২০০৭ সালে লিয়ারির এমএনএ ছিলাম আমি।’


সোশ্যাল মিডিয়ায় ট্রলিং নিয়েও কথা বলেন গাবোল। তিনি বলেন, ‘ভারতীয় সোশ্যাল মিডিয়ায় অনেকেই জিজ্ঞাসা করছে, নাবিল গাবোল কেন চুপ। আমি জোরালো জবাব দেব। যেমন পাকিস্তানি সেনাবাহিনী জবাব দিয়েছে, আমিও লিয়ারি আসলে কী, তা দেখাব।’

‘ধুরন্ধর ২’ সিনেমায় রণবীর। আইএমডিবি

নাবিল গাবোল আরও জানান, নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে তিনি একটি সিনেমা বানানোর পরিকল্পনা করছেন, যার সম্ভাব্য নাম ‘লিয়ারি কা গব্বর’।


এর আগে ‘ধুরন্ধর’ প্রথম কিস্তি মুক্তির সময়ও গাবোল একই ধরনের আপত্তি তুলেছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘আমার চরিত্রকে সঠিকভাবে দেখানো হয়নি। আমি অনেক দাপুটে ছিলাম, কিন্তু সেটি ঠিকভাবে তুলে ধরা হয়নি।’

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’ মুক্তি পেয়েছে ১৯ মার্চ। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে ১০২ কোটি ৫৫ লাখ রুপি। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে ‘ধুরন্ধর ২’।  ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে রণবীর সিং অভিনয় করেছেন একজন ভারতীয় গুপ্তচরের ভূমিকায়, যার গল্প আবর্তিত হয়েছে করাচির লিয়ারি এলাকাকে ঘিরে। এ ছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন অর্জুন রামপাল, অক্ষয় খান্না, সারা অর্জুন ও সঞ্জয় দত্ত।


এনডিটিভি অবলম্বনে

Read at source