শরীয়তপুরের এক শিশুর ঢাকায় মৃত্যু, হামের লক্ষণ নিয়ে ভর্তি আরও দুই তরুণ

· Prothom Alo

হামের লক্ষণ নিয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় পাঠানো হলে এক শিশুর মৃত্যু হয়। আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংক্রামক ব্যাধি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে রোববার তাকে সেখানে ভর্তি করা হয়েছিল।

Visit somethingsdifferent.biz for more information.

মারা যাওয়া মালিহা শরীয়তপুরের জাজিরা উপজেলার দিকে নগর মাদবরকান্দি গ্রামের মনির হোসেনের মেয়ে। শরীয়তপুরের সিভিল সার্জন রেহান উদ্দিন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এ নিয়ে গত ৯ দিনে শরীয়তপুরের তিন শিশুর মৃত্যু হলো বলে জানান তিনি।

এদিকে আজ শরীয়তপুর সদর হাসপাতালে হামের লক্ষণ নিয়ে দুই তরুণ ভর্তি হয়েছেন। তাঁদের হাসপাতালের তৃতীয় তলায় আলাদা একটি কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা ওই দুই তরুণের নমুনা সংগ্রহ করে ঢাকায় নিয়ে গেছেন।

শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জাজিরা উপজেলার বিকেনগর মাদবরকান্দি গ্রামের মনির হোসেনের ৮ মাস বয়সী মেয়ে মালিহা অসুস্থ হয়ে পড়লে রোববার তাকে স্বজনেরা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকেরা সেখানে তার শরীরে হামের লক্ষণ দেখতে পান। তখন ওই শিশুর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। চিকিৎসকদের পরামর্শে স্বজনেরা ওই শিশুকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আজ বিকালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু মারা যায়।

আজ সকালে হামের লক্ষণ নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন শরীয়তপুর পৌরসভার বাঘিয়া এলাকার ইমন মুন্সী (১৯) ও সদর উপজেলার দাদপুর গ্রামের শাহীন কাজী (১৮)। শরীয়তপুর সদর হাসপাতালের তৃতীয় তলার একটি কক্ষে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধিদল আজ ওই দুই তরুণের নমুনা সংগ্রহ করে ঢাকায় নিয়ে গেছেন।

হামের লক্ষণ দেখে গত দুই সপ্তাহে শরীয়তপুর থেকে ২৫ ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের হাম শনাক্ত হয়েছে। ওই ১৫ জনের মধ্যে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে। ২৩ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংক্রামক ব্যাধি হাসপাতালে মারা যায় দেড় বছর বয়সী তাসিফা। সে জাজিরা উপজেলার বড় গোপালপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে। ২২ মার্চ একই হাসপাতালে মারা যায় রুকাইয়া নামের ৯ মাস বয়সী আরেক শিশু। সে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার বালারহাট গ্রামের ইসহাক মিয়ার মেয়ে।

হামের লক্ষণ নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি ইমন মুন্সির বাবা বিপ্লব মুন্সি প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলের সাত দিন ধরে জ্বর ও শরীরে ঘামাচির মতো গোটায় আক্রান্ত। প্রথম দিকে স্থানীয়ভাবে তার চিকিৎসা দিচ্ছিলাম। কিন্তু জ্বর কমছিল না। আজ তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে ভর্তি দিয়েছেন। তারা জানিয়েছেন সে হামে আক্রান্ত হয়েছে।

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার প্রথম আলোকে বলেন, সোমবার শরীরের জ্বর ও সারা শরীর জুড়ে র‍্যাশ নিয়ে দুই তরুণ চিকিৎসা নিতে সদর হাসপাতালে আসেন। তাদের শরীরের লক্ষণ দেখে মনে হয়েছে তারা হামে আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের পরামর্শে হাসপাতালের একটি আলাদা কক্ষে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই দুই তরুণের নমুনা সংগ্রহ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা ঢাকায় নিয়ে গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দলের পরামর্শ অনুযায়ী ওই দুই তরুণের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শরীয়তপুরের সিভিল সার্জন রেহান উদ্দিন সোমবার রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা খুব সতর্কতার সঙ্গে রোগীদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। শিশুবিশেষজ্ঞরা তাদের কাছে আসা রোগীদের সতর্কভাবে পর্যবেক্ষণ করে চিকিৎসা দিচ্ছেন। হামের লক্ষণ মনে হলেই তাদের নমুনা সংগ্রহ করা হয়।’

Read at source