পর্যটক টানতে ঢাকায় রোডশো করল শ্রীলঙ্কা

· Prothom Alo

শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে পর্যটন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গত সোমবার ঢাকার এক হোটেলে ‘বিটুবি রোড শো ও নেটওয়ার্কিং ইভেন্ট’ সম্পন্ন করেছে শ্রীলঙ্কা পর্যটন প্রমোশন ব্যুরো। এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো দুই দেশের পর্যটন খাতের অংশীজনদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করা। শ্রীলঙ্কা পর্যটন প্রমোশন ব্যুরোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

Visit newsbetting.bond for more information.

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুজহাত ইয়াসমিন। তিনি আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, দুই দেশের এই অংশীদারত্ব টেকসই পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচন করবে।

বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি জানান, শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তা বাংলাদেশি পর্যটকদের জন্য সব সময়ই আকর্ষণীয়।

শ্রীলঙ্কা পর্যটন প্রমোশন ব্যুরোর চেয়ারম্যান বুদ্ধিকা হেওয়াসাম শ্রীলঙ্কাকে একটি নিরাপদ ও বৈচিত্র্যময় গন্তব্য হিসেবে তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশি পর্যটকদের জন্য বিশেষ ট্রাভেল প্যাকেজ ও স্থানীয় অপারেটরদের সঙ্গে যৌথ প্রচারণার কাজ চলছে।

শ্রীলঙ্কান এয়ারলাইনসের আঞ্চলিক ব্যবস্থাপক ফাওজান ফরিদ জানান, উন্নত বিমান যোগাযোগ ও প্রতিযোগিতামূলক ভাড়ার মাধ্যমে ভ্রমণ আরও সহজতর করা হয়েছে।

অনুষ্ঠানে টোয়াব সভাপতি মোহাম্মদ রাফেউজ্জামান, বোয়াটা সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদসহ অন্য নেতারা শ্রীলঙ্কায় পর্যটন সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

ইভেন্টের বিটুবি সেশনে দুই দেশের প্রতিনিধিরা যৌথ ট্যুর প্যাকেজ ও বাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিটস এয়ার বাংলাদেশ রিজিয়নের বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক খাইরুল বাশারসহ অন্যরা।

Read at source